সোমবার, ৫ মে, ২০১৪

"বেড়াতে যাওয়ার ছড়া"

যাব বেড়াতে, 
মন ফেরাতে।

মালয়েশিয়া,  
ট্রু'লি এশিয়া!

কথা বলবো, 
ব্যথা ভুলবো, 
বসে থাকবো  
রাতে সাগরে, 

ছেঁকে নীলজল, 
থেকে নীলাকাশ, 
নিয়ে হাসিমুখ 
ফিরবো ঘরে। 

(এইবার আসল পয়েন্টে আসি...)

ভেবে পাওনা-
দার আমাকে 
যারা এদিক সেদিক
পালাতেন, 

গলা শুকিয়ে,
খোমা লুকিয়ে, 
যারা হিং-টিং-ছট
চালাতেন ... 

সেই ভায়েরা,
সেই বোনেরা,
যদি একটু
কথা শুনতেন। 

বলি, বেশি না 
খুবই সামান্য 
কিছু টাকা যদি 
প্লিজ গুনতেন।  

ইহা রিকোয়েস্ট, 
কাতর আকুতি; 
নয় ঘুরানো-প্যাঁচানো 
ইঙ্গিত; 

টাকাটা পেলে 
কাল সকালে 
কিনে ফেলতাম 
কিছু রিঙ্গিত।  



রবিবার, ৪ মে, ২০১৪

আমাদের বাচ্চাদের ছোটবেলা এবং টেলিভিশন

আমাদের বাচ্চাদের ছোটবেলা এবং টেলিভিশন 
-------------------------------------------

যাদের ছোটবেলায় বিটিভিই ছিল একমাত্র টিভি, তারা নিশ্চয়ই মনে করতে পারবেন, স্কুল থেকে ফেরার পর টিভিতে কি দেখতাম আমরা? থান্ডার ক্যাটস, মোস্তফা মনওয়ারের পাপেট শো, এসো গান শিখি, স্কুল বিতর্ক প্রতিযোগিতা, হ্যাকল এন্ড জ্যাকল, থ্রি স্টুজেস - ঠিক না? 

সবাই মিলে ডোরেমন, নিনজা হাতোরি, হিন্দি আগ্রাসন'কে তো কম গালি দিলাম না; এবার চলেন একটু দেখে আসি, আমাদের বাচ্চাদের যখন স্কুল শেষে টিভির সামনে বসার কথা, তখন আমাদের এত্তগুলি চ্যানেল তাদের জন্য কি কি অনুষ্ঠান চালাচ্ছে ... 

১. বিটিভি : হাতিয়া উপজেলার বন্যা পরবর্তী অবস্থার উপর প্রতিবেদন 
২.ইন্ডিপেন্ডেন্ট টিভি: বিজ্ঞাপন, তারপর "পূর্ব-পশ্চিম" নামে একটা খবরের অনুষ্ঠান (দক্ষিন কোরিয়ায় ৪৭৫ জন যাত্রী নিয়ে ফেরি ডুবি)
৩. সময় টিভি: বিজ্ঞাপন, তারপর খবর (রেজওয়ানা হাসানের স্বামী'র অপহরণের খবর) 
৪. এশিয়ান টিভি: বলিউড টপ চার্ট (লাক্স ষ্টার অফ দা ওয়ার্ল্ড) - বেশ ছোটো-ছোটো কাপড়-চোপর পরা মেয়েদের দেখা যাচ্ছে 
৫. মাছরাঙ্গা টিভি: টক শো - দলের চেয়ে দেশ বড় 
৬. এটিএন বাংলা: খবর - বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি যেন একটা বলেছেন, সেটা নিয়ে খবর 
৭. চ্যানেল আই - হৃদয়ে মাটি ও মানুষ 
৮. এনটিভি - বিজ্ঞাপন, তারপর বিজ্ঞাপন, তারপর ৫ মিনিট বিজ্ঞাপনের পর একটা নাটক শুরু হলো, ৭১ তম পর্ব, নামটা দেখতে পারি নি  (যেটার টাইটেল সংপ্রায় ৩/৪ মিনিট) - "আপনি মা হতে চলেছেন।" - এই ডায়লগটা শোনার পর চ্যানেল চেঞ্জ করলাম 
৯. বাংলা ভিশন - গত রাতের লাইভ ষ্টুডিও কনসার্টের পুনঃপ্রচার; মেহরীন চিত্কার করছে 
১০. দেশ টিভি - নাটক (ভাই আর ভাবীর দাম্পত্য কলহ টাইপ কিছু একটা চলছে) 
১১. মাই টিভি - বিজ্ঞাপন, তারপর বাংলা সিনেমা 
১২. বৈশাখী টিভি - বিজ্ঞাপন (চু চু ডাইপার), তারপর খবর - দেশের বাইরের শেয়ার বাজারের খবর 
১৩. একুশে টিভি - খবর (নগরকান্দা থানার নৃসংশ ঘটনার মামলা সংক্রান্ত কিছু) 
১৪. আর টিভি - বাংলা সিনেমা 
১৫. চ্যানেল ২৪ - বিজ্ঞাপন, তারপর খবর 
১৬. এটিএন নিউজ - খবর - খোকন রাজাকারের বিরুদ্ধে ধর্ষণ, অগ্নিসংযোগ, হত্যা এবং ব্লা ব্লা কতগুলি অভিযোগ ...
১৭. এসএটিভি - বিজ্ঞাপন, তারপর খবর - বিজেএমইএ'র উপর কিছু একটা খবর 
১৮. ৭১ টিভি - খবর - সেন্ট মার্টিনসে উদ্ধার কার্যক্রম 
১৯. গাজী টিভি - ইউনিভার্সিটি ক্রিকেট লাইভ 
২০. চ্যানেল ৯ - খবর - ভারতীয় নির্বাচন 

কোনো চ্যানেলের সমালোচনা না করেই প্রশ্ন ছুড়ে দিচ্ছি - কোনটা দেখতে বলবো আমি আমার মেয়েকে? বা এর মধ্যে কোন প্রোগ্রামটাই বা আমার ৯ বছরের মেয়ে আগ্রহ নিয়ে দেখবে? একটু বলবেন? 

(এই স্ট্যাটাসটিতে একটা পয়েন্টও আমার বানানো না। উল্লিখিত তথ্যগুলো আজ বিকাল সাড়ে ৩টা থেকে পোনে ৪টা পর্যন্ত আমার আর আমার মেয়ে রিসার্চের ফসল। কেউ কেউ হয়ত বলবেন যে বাচ্চাদের টিভি দেখারই বা কি দরকার? তাদের জন্য উত্তর - আমাদের ছোটবেলায় টিভি দেখে এমন অনেক ভালো কিছু শিখেছি আমরা যা অন্য কোনো জায়গা থেকে শিখি নাই। টিভিকে ঠিক ভাবে ইউজ করা গেলে এটা যে কত উপকারে আসে, সেটা যে কোনো শিক্ষিত মানুষই বোঝে। 

ও হ্যা, এই টাইম-ফ্রেমের মধ্যে কিন্তু নিকোলোডীয়নে হিন্দিতে ডাব করে নিনজা হাতোরি দেখাচ্ছিল।)



জীয়নের শব্দসম্ভার

আমার ছেলে জীয়নের শব্দসম্ভার: 

আতাবুম - গাড়ি 
আততা আতাবুম - আরেকটা গাড়ি 
আউআউ - কুকুর 
ল্যাপপোত্ - ল্যাপটপ 
উমাম  - গরম পানি 
দবন - লবন 
আততালাইতাম - আসসালামুয়ালাইকুম 
তুতীতাতী - সূচী চাচী 
দনদোন - লন্ডন 
বালাবালা - ছাগল 
দেব্বা - জেব্রা 
তানাতুন - চানাচুর 
এলেলো - Yellow 

রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪

সেদিন একজনের সাথে পরিচিত হলাম। বনানীতে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট খুলেছেন। কথায় কথায় জানলাম উনি নর্থ-সাউথের এক্স-স্টুডেন্ট। 

আমি: "ওহ রিয়েলি!!! আমি কিন্তু নর্থ-সাউথের অনেককেই চিনি। কারণ হলো, আমার অফিসে নর্থ-সাউথের অনেকগুলি ব্যাচের ছেলেমেয়েরা বিভিন্ন সময়ে কাজ করেছে।"
সে: "জ্বি ভাইয়া, আমি জানি আমি জানি। আমার পরিচিত অনেকেই আপনার কোজিটোতে ছিল।"
আমি: "তাই নাকি? আপনি কোন ব্যাচ? জিকো'কে নিশ্চয়ই চেনেন। আপনি কি ওর সিনিয়র? নাকি জুনিয়র?"
সে: "জিকো'রা আমাদের বেশ জুনিয়র"
আমি: "তাহলে তো রাসেল-তমাল'রাও জুনিয়র আপনার?"
সে: "জ্বি ভাইয়া, ওরাও জুনিয়র।"
আমি: "হমম, তাহলে ইয়াফি'রা ..."
সে (আমার মুখের কথা কেড়ে নিয়ে): "আরে না না ভাইয়া, এইটা কি বললেন? ইয়াফি ভাইয়া'রা তো ডাইনোসর'দের ব্যাচ। আমাকে কি এত বুড়া মনে হয় নাকি?"

....

আমি: "ইয়ে, মানে .... আমি আর ইয়াফি ইনফ্যাক্ট সেইম ব্যাচ" ...

......

বুড়া যে প্রায় হয়েই গেলাম, কতভাবেই না খোদা ইশারা দিয়ে বোঝায় রে !!!

বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪

ত্যান্দর পুত্র

ছেলে আমার বড়ই ত্যান্দর। যা করতে বলি তার উল্টাটা করে।  

কিন্তু ব্যাটা এখনো পুরাপুরি বোঝে নাই, ত্যান্দরের বাপও কম ত্যান্দর না।  

দুইটা ঘটনা বলি।  

১. 

মেয়ে তার স্কুলের হ্যান্ডবল টিমের প্রাইমারি স্কোয়াডে ডাক পেয়েছে। স্কুল থেকে বলেছে একটা এক নম্বর সাইজ বল কিনে বাসায় প্র্যাকটিস করতে। বল কিনতে গিয়েই মাথায় আসলো, পুত্র যখনি জানবে যে এটা তার বোনের জন্য, তখনই ঝড়-তুফান শুরু করে দিবে। 

সমাধান - আরেকটা রঙিন ছোট বল কিনলাম। বাসায় ফিরে দুইটাকে ডাক দিলাম, "জীয়ন, বড় সাদা বলটা তোমার, আর ছোট কালারফুল বলটা আপুনির। তুমি কিন্ত আপুনিরটা ধরবা না।  ওকে?" 

পুত্র কোনো কথা না বলে এক থাবায় রঙিন বলটা নিয়ে দৌড়ে তার রুমে চলে গেল। সাদা বলের দিকে একবার তাকালোও না। 

কন্যা তার পিতৃপ্রতিভায় মুগ্ধ হয়ে খুশিমনে হ্যান্ডবল প্র্যাকটিস শুরু করলো। 

২.

পুত্রকে ঘুম পাড়ানো রীতিমত যুদ্ধ করার মত কঠিন। পুত্রের মা বলে, "ঘুমাও।", পুত্র বলে - "ধুমাবো নাআআ।" পুত্রের মা বলে "ঘুমা ব্যাটা বান্দর"; পুত্র বলে "ধুমাবো নাআআ।  হি হি।" তারপর কান মোচড়ানো, আঙ্গুলে টোকা ট্রিটমেন্ট, পাছায় থাপ্পড় - অতঃপর কান্নাকাটি; এবং কানতে কানতে ঘুম। 

আমি ভাবলাম, ত্যান্দরের সাথে আবারও ত্যান্দ্রামি করে দেখি। লাইট বন্ধ করে আমি ওকে ঘুমাতে নিয়ে গেলাম। বিছানায় শোওয়ানোর সাথে সাথে স্যারের চিত্কার শুরু, "বাবা, ধুমাবো নাআআ , ধুমাবো নাআআ।"

আমি বেশ ফ্রেন্ডলি টোনে কথা শুরু করি, "না না বাবা, কেউ ঘুমাবে না এখন। ঘুম তো পচা জিনিস। ঘুমালেই কালো ভূত এসে তোমাকে কামড় দিবে।" 

পুত্র এইটা একদমই আশা করে নাই।  চোখ বড়বড় করে সে ঘটনাটা বোঝার চেষ্টা করতে লাগলো। 

"তাকিয়ে থাকলেই কিন্তু বাবা ঘুম চলে আসবে। তাই তাকিয়ে থাকা যাবে না। তাকিয়ে থাকলে কি চলে আসবে?"

পুত্র চোখ পিটপিট করতে করতে বলে "ধুম তোলে আতবেএএএ।"

"ঠিক বলেছ বাবা। এখন চোখ বন্ধ করে রাখো। আর খেয়াল রাখো যেন ঘুম চলে আসতে না পারে। ওকে বাবা?"

চোখ বন্ধ করে জীয়ন জবাব দেয়, "ওকে বাবাআআ।" 

দুই মিনিটের মধ্যে পুত্র আমার "ধুম" :)


পাদটিকা: খুব ভালমতই জানি, আমার এই সলিউশন খুবই টেম্পোরারি। ত্যান্দরটা অল্পদিনের মধ্যেই আমার এই চালাকি ধরে ফেলবে, এবং তখন আমাকে নতুন কোনো বুদ্ধি খুঁজে বের করতে হবে। 

সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪

মিউট হিন্দি সিরিয়াল

পুত্রকে ঘুম পাড়ানোর সময় আমার বউ মিউট করে হিন্দি সিরিয়াল দেখে। 

একদিন একটু বিরক্তি নিয়েই জিজ্ঞেস করলাম - "কি মজা পাও রে ভাই এইসব আজাইরা জিনিস দেখে?"

বউ সোজাসাপ্টা জবাব দিল - "আর কোন জিনিষটা আছে যেটা সাউন্ড ছাড়া দেখলেও ঘটনা বুঝতে প্রবলেম হয় না!!!" 

হ্যাট্স অফ টু দা সিরিয়াল কিলার্স (থুক্কু সিরিয়াল মেকারস), আপনারা আসলেই সুপার জিনিয়াস।  

এই টক শো সর্বস্ব সবাক মিডিয়াতে নির্বাক অপশনযুক্ত সিরিয়াল তৈরী করে আমার মত "ক্রিয়েটিভ" মানুষকে নিখাদ অবাক করতে পেরেছেন - আপনাদের "ক্রিয়েটিভিটির" গুনগান না করলে ব্যাপারটা বড়ই অন্যায় হয়ে যাবে। 

*** যে নাটকের ঘটনা সাউন্ড না শুনেই আগে থেকে বলে দেয়া যায়, সেখানে "ক্রিয়েটিভিটির" কিছু আছে কিনা, সে নিয়ে অবশ্য আলাদা ডিবেট চলতেই পারে :)  
ছুটি কাটিয়ে বাড়ি ফেরার মধ্যে একটা অদ্ভূত ভালোলাগা ছিল। 

সেই ভালোলাগাটা আজকে হারিয়ে ফেলে জানতে পারলাম, ভালোলাগার কারণটা আসলে কি ছিল। 

একটা মানুষ বিছানায় বা মোড়ায় বসে থাকত, পানের বাটা পাশে নিয়ে। আমরা ঘরে ঢোকার সাথে সাথে তার চোখে-মুখে হাজার ওয়াটের বাতি জ্বলে উঠত। জয়ী আর জীয়ন এক দৌড়ে সেই মানুষটার বুকে ঝাঁপিয়ে পড়ত। তারপর তার সাথে আমার ছেলে-মেয়ের গল্পের গাছ বড় হতে হতে আকাশ ছুঁয়ে যেত। 

আমি বাড়ি ফেরার একটা অর্থ খুঁজে পেতাম।

আজকে ঘরটা খালি। বিছানায় বা মোড়াতে আম্মা বসে নাই। জয়ী আর জীয়ন বাড়ি ফিরে তাদের দাদী'কে জড়িয়ে ধরতে না পেয়ে চুপচাপ টিভি ছেড়ে বসলো।

আজকে সিলেট থেকে ফেরার সময় সারা রাস্তা শুধু একটা কথাই ভেবেছি -

আমি বাসায় ফিরছি কেন?